মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ (শুক্রবার) রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে কোনো ধরনের শোডাউন না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের কথা রয়েছে।
শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন বা জনসমাগম করা হবে না।
তিনি বলেন, বিমানবন্দরে শুধু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ সম্মেলন এবং আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন।