পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু গ্রেপ্তার বা আইন প্রয়োগই যথেষ্ট নয়। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ কাজে সরকার ও প্রশাসনকে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংসদে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত কর্মসূচি পরিচালনা অত্যন্ত জরুরি।
দিবসটি উপলক্ষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।