সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে। এজন্য ফ্যামিলি কার্ড সংগ্রহ করতে কাউকে কোথাও যেতে হবে না, বরং এটি সরাসরি উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোথাও যেতে হবে না, কারও কাছে ধরনা দিতে হবে না। আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।”
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সহজে পৌঁছে যায়, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
মাতৃস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, একজন সুস্থ মা-ই একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারেন। তিনি জানান, ২০ বছর বয়সে সন্তান গ্রহণ মা ও শিশুর স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। অন্যদিকে ৩৫ বছরের পর সন্তান ধারণ করলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
তিনি আরও বলেন, শুধু শিক্ষিত মা হলেই হবে না। গর্ভকাল থেকে সন্তান জন্মের পর পর্যন্ত সুষম খাদ্য, প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতা নিশ্চিত করতে হবে। তবেই আগামী প্রজন্ম সুস্থ, সবল ও মানবিক হিসেবে গড়ে উঠবে।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।