রংপুরের পীরগাছায় বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) সকালে নিহতের স্বামীর দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
নিহত নুসরাত জাহান নুপুরের (২০) ভাই খালিদ হাসান মিলু (২৫) ও ভাবি দিলরুবা আক্তার দিশাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাবার বাড়িতে নুপুরের মৃত্যুর ঘটনায় পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুপুরের মৃত্যু শ্বাসরোধে হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই পুলিশ ভাই ও ভাবিকে আটক করে।
পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে ভাই, ভাবি, মা ও ফুফুকে আসামি করে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নুসরাত জাহান নুপুর ভালোবেসে একই ইউনিয়নের আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তবে পরিবারের সদস্যরা এই বিয়ে মেনে নেননি।
অভিযোগ রয়েছে, বাবার অসুস্থতার কথা বলে কৌশলে নুপুরকে বাবার বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে স্বামীকে তালাক দিতে চাপ দেওয়া হয়। তিনি রাজি না হলে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।