বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে।
এর আগে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। সেই সুবিধা গত ২৫ জুন থেকে কার্যকর হয়েছে।
সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে আরও বেশি ভাড়া ছাড়ের সুবিধা পাবেন।