গাইবান্ধা সদর থানায় দায়ের হওয়া এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. আহসান হাবিব (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোতেও র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত আহসান হাবিব দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি পরিবারকে জানায় শিক্ষার্থী। পরে অভিযুক্তের পরিবার বিয়ের প্রস্তাব দিলেও ভিকটিমের পরিবার তা প্রত্যাখ্যান করে।
এর জেরে গত ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যায় সদর উপজেলার রামনাথের ভিটা মণ্ডলপাড়া এলাকায় চাচার বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১১ এপ্রিল ২০২৬ ভিকটিমের মা মোছা. ছবি বেগম গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা (মামলা নং-২২) দায়ের করেন।
র্যাব জানায়, মামলার পর থেকেই অপহৃত ছাত্রীকে উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।