গৃহস্থালি পর্যায়ে ব্যবহৃত ১২ কেজি এলপিজি (এলপিজি) সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল।
এছাড়া একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তন, আমদানি ব্যয়, ডলার বিনিময় হার এবং অন্যান্য ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে বিইআরসি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে।