রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা সাত বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকার মন্থনা জুট মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে বড়াইবাড়ি তুলশীহাট এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত শিশু বন্ধন চন্দ্র রায় (৭)-কে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, “নির্মল চন্দ্র রায় ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এলাকায় অত্যন্ত পরিচিত ও সেবাপরায়ণ মানুষ ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত শিশুটি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে পশ্চিম মান্দ্রাইন গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।