২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়েই বিশ্বকাপ শেষ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ।
সব মিলিয়ে ব্রাজিলের মোট প্রাপ্য দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা।
এবারের বিশ্বকাপে ফিফা মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার (প্রায় ৭২০ কোটি টাকা)। রানার্সআপ পাবে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে প্রায় ৪১৮ কোটি ও ৩৮৯ কোটি টাকা পাবে।
এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য প্রায় ১৩০ কোটি টাকা।
মাঠের হতাশা সত্ত্বেও বিশ্বকাপ থেকে পাওয়া এই পুরস্কারের অর্থ ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, ফুটবল অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।