টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, অতিবৃষ্টির কারণে জান আলীহাট স্টেশন সংলগ্ন রেললাইন প্লাবিত হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের আগে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। এতে ট্রেনটির শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে রয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর প্রকৌশল বিভাগ লাইন পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করলে পুনরায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে।
এ বিষয়ে যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।