বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এর আওতায় ফ্লাইট, হোটেল বুকিং ও পর্যটন ভিসাসহ সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে সহজেই সৌদি ভ্রমণের সুযোগ পাবেন বিদেশি পর্যটকরা।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, প্রাথমিকভাবে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় পর্যটকেরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। প্যাকেজে যাওয়া-আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেল বা আবাসনের ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্র, অনুষ্ঠান ও দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগও থাকবে।
এর ফলে ভ্রমণকারীদের আলাদাভাবে বিমান টিকিট, আবাসন এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন অনেকটাই কমে যাবে। তবে কেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা নিশ্চিত করতে সক্ষম অনুমোদিত ট্রাভেল প্রতিষ্ঠানগুলোই এ সেবা প্রদান করতে পারবে।
সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় পর্যটন খাত সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে দেশটির পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করেছে।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, ‘সৌদি আরবের পর্যটন অগ্রযাত্রা উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা এবং ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন। প্যাকেজ ভিসা চালুর মাধ্যমে আমরা পর্যটকদের যাত্রা আরও সহজ ও আধুনিক করতে চাই।’
পর্যটন মন্ত্রণালয়ের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে ট্রাভেল কোম্পানিগুলো পর্যটকদের জন্য আরও পরিকল্পিত ও সমন্বিত ভ্রমণসেবা দিতে পারবে। এতে পর্যটকদের অবস্থানের মেয়াদ বৃদ্ধি, ভ্রমণ অভিজ্ঞতার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে প্রবেশ আরও সহজ হবে।
এছাড়া বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং নির্বিঘ্ন পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।