বিতর্ক, সমালোচনা এবং ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন টালিউডের পরিচিত মুখ অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের মার্চে ব্যবসায়ী শুভাশিষ দে-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় প্রথম সন্তানের মা হয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছোট্ট হাতের ছবি প্রকাশ করে সুখবরটি নিজেই জানান সুস্মিতা। একই সঙ্গে দীর্ঘদিনের অপেক্ষা, সংগ্রাম এবং মাতৃত্বের স্বপ্নপূরণের অনুভূতির কথাও তুলে ধরেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু হলো। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।”
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বহুদিন ধরেই মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে বলে আসছিলেন সুস্মিতা। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও মাতৃত্বের স্বপ্ন থেকে সরে যাননি তিনি। অবশেষে চতুর্থ সংসারে এসে সেই স্বপ্ন পূরণ হয়েছে।
গত ১৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করেন সুস্মিতা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিজ বাসভবনেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ধাপে ধাপে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি।
এর আগে সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তী-এর সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলোচনায় আসেন সুস্মিতা। সে সময় একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ না হওয়াও তাদের সম্পর্ক ভাঙনের অন্যতম কারণ ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগিংয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সুস্মিতা রায়ের জীবনের এই নতুন অধ্যায়ে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। মাতৃত্বের স্বপ্নপূরণে উচ্ছ্বাস প্রকাশ করে অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।