কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে জাল বাংলাদেশি নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক কেনার চেষ্টার অভিযোগে আনোয়ার মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার জাল বাংলাদেশি নোট জব্দ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মইদাম কালিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনোয়ার মিয়ার কাছ থেকে ৭৫ হাজার টাকার জাল বাংলাদেশি নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, জাল নোট ব্যবহার করে তিনি ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহের পরিকল্পনা করেছিলেন। আটক হওয়ার সময় তিনি সীমান্তের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি পুলিশের।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।