ইরানের পূর্বাঞ্চলে দুটি সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে ‘জঘন্য যুদ্ধাপরাধের’ জন্য অভিযুক্ত করেছে তেহরান।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকাসহ পূর্বাঞ্চলের মাশহাদগামী রেলপথের ওপর থাকা দুটি সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের এসব হামলা আন্তর্জাতিক আইনবিরোধী এবং জাতিসংঘ সনদের পাশাপাশি গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।
ইরান বলছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবিক আইন পরিপন্থী এবং এটি একটি জঘন্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে কোনো সেতু বা বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়টি উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা গেছে। ইরান বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুললেও যুক্তরাষ্ট্র দাবি করছে, তাদের অভিযান কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল।