জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির মন্ত্রী-এমপি ও নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘এত গরম দেখাবেন না। আমরা যদি ভালো মতো একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।’
রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড ও দোকানপাট দখলের অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এখনো তার বিচার করতে পারিনি। আবু সাঈদের রক্তের বিচার চাই। এ বিচার চাওয়া আমাদের অপরাধ নয়।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যদি সংস্কার বাস্তবায়ন না হয় এবং শেখ হাসিনার বিচার না হয়, তাহলে বিএনপি সরকারের পতনের আন্দোলন করা হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর জনগণের পাশে অনেক নেতাকে দেখা যায় না। চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি পর্যাপ্ত নয়।
ভারতের বিজেপি ও আরএসএসের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের সব ধর্মের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন।
এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্য নেতারা।