গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাস (ওরফে তাওহিদ ইসলাম)কে গ্রেফতার করেছে সিআইডি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা সিআইডি পুলিশের একটি দল এবং গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার একটি মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র তরনী দাসকে ঘিরে গত কয়েক বছরে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও নাগরিক সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে একটি প্রতারণা মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল।