যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৩ জুলাই) জাহাজ-ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে বিবিসি ভেরিফাই জানায়, রোববার সন্ধ্যার পর থেকে কোনো বাণিজ্যিক জাহাজ প্রকাশ্যে লাইভ ট্র্যাকিং চালু রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেনি। তবে কিছু জাহাজ ট্রান্সমিটার (AIS) বন্ধ রেখে প্রণালিটি অতিক্রম করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানায়, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি অতিক্রম করেছে মোট আটটি বাণিজ্যিক জাহাজ, যার মধ্যে ছিল তেলবাহী ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার এবং কার্গো জাহাজ। তুলনামূলকভাবে শনিবার এই সংখ্যা ছিল ২১টি এবং শুক্রবার ছিল ১৪টি।
রোববার চলাচল করা আটটি জাহাজের মধ্যে মাত্র দুটি তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) চালু রেখেছিল। তবে সেগুলোও ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রণালিটি অতিক্রম করে।
অন্য ছয়টি জাহাজ ‘ডার্ক মোডে’ চলাচল করেছে বলে জানিয়েছে কেপলার। অর্থাৎ, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তারা নিজেদের অবস্থান প্রকাশকারী ট্রান্সমিটার বন্ধ রেখেছিল।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।