রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি হওয়া তামার তারসহ প্রায় ১৬ মণ তামার তার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
তিনি জানান, সম্প্রতি নগরীতে বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক তার, সরকারি হাসপাতাল, মসজিদ এবং বাসাবাড়ির এসির তামার তার চুরির একাধিক ঘটনা ঘটছিল। এসব ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে পাটবাড়ি এলাকার বাসিন্দা উকিল মিয়াকে আটক করা হয়। এ সময় একটি ট্রাকে ভাঙারি পণ্যের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১৬ মণ তামার তার উদ্ধার করে পুলিশ।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি বিভিন্ন ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে তামার তার ও পাইপ সংগ্রহ করে সাতমাথায় তার গুদামে রাখতেন। পরে সেগুলো ঢাকার বাবুবাজারে পাঠানো হতো।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া তামার তার চুরির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।