দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন।
নিহতরা হলেন, রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিপেন চন্দ্র রায়ের দেওয়া খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকিন আলী ঘটনাস্থলে যান। সেখানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে রিপেন চন্দ্র রায়ের সঙ্গে স্ত্রী ও মেয়ের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে তাদের মারধরের ঘটনাও ঘটে।
এর কিছু সময় পর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তবে ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন বলেন, “ঘরের সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”