২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের এই লড়াইকে অনেকেই বলছেন ‘ফাইনালের আগেই ফাইনাল’।
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে শুরু হবে মহারণ। একদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দুর্ধর্ষ আক্রমণভাগ নিয়ে মাঠে নামছে ফ্রান্স, অন্যদিকে বল দখল ও কৌশলী ফুটবলের ভরসায় ফাইনালের স্বপ্ন দেখছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগের একটি গড়ে তুলেছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ছয় ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে আক্রমণে রয়েছেন মাইকেল ওলিসে, ওসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা এবং ডিজায়ার ডুয়ে।
অন্যদিকে, কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে নিজেদের ঐতিহ্যবাহী পজেশনভিত্তিক ফুটবল খেলেই সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। কেপ ভার্দের বিপক্ষে ধাক্কা সামলে তারা আবারও ছন্দে ফিরেছে।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে স্পেন। ২০২৫ সালের উয়েফা নেশন্স লিগে তারা ৫-৪ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। এর আগে ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্প্যানিশরা।
তবে বিশ্বকাপের মঞ্চে কিছুটা এগিয়ে ফরাসিরা। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। বিশ্বকাপ ইতিহাসে এটাই ছিল দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই।
মোট ম্যাচ: ৩৮, স্পেনের জয়: ১৮, ফ্রান্সের জয়: ১৩, ড্র: ৭।
২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে খেলা ২৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে স্পেন। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে পরাজয়ের পর টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে তারা।
অন্যদিকে, টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে উঠে ইতিহাসের বিশেষ ক্লাবে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এর আগে এমন কীর্তি গড়েছিল শুধু জার্মানি ও ব্রাজিল।
ফ্রান্সের গতি আর স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সংঘাতে শেষ পর্যন্ত কারা ফাইনালের টিকিট কাটবে, সেটাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।