রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা দেওয়ায় এনামুল হক (২৭) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা। তাঁর মরদেহ তারাগঞ্জের বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সৈকত আলী ও ব্যবসায়ী শাহিন জানান, সন্ধ্যায় এ আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের মাঝের রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের হেলপার এনামুল হক। আহত হন বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
পরে আহত যাত্রীদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।