প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি। ত্রুটি সারাতে কাজ করছেন প্রকৌশলীরা। এ কারণে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি নিরসনের চেষ্টা করছে।
ফ্লাইটের এক যাত্রী ঢাকা পোস্টকে জানান, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এ অবস্থায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।