চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার নিজ বাসা থেকে নুর নাহার বেগম (নাম) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাঝিরঘাট এলাকার বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী প্রয়াত আবুল কালাম। তিনি সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
সদরঘাট থানা পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে তার বড় ছেলের মৃত্যু হয়। এরপর তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ওসি আরও জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নুর নাহারের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।