ককপিটে কারিগরি ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়। পরে বিমানের নিজস্ব প্রকৌশলী দল ও জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটি পুশব্যাক করা হয় এবং রাত ৭টা ৫৫ মিনিটে নিরাপদে নারিতা বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উড়োজাহাজটির ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা দেওয়ায় উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। পরে বিমানের প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে কারিগরি দল ত্রুটি সারাতে সক্ষম হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।