জরুরি মেরামত, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে ৩ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে পারেন গ্রাহকরা।
শুক্রবার (৩০ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানিয়েছেন, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় লাকাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা রয়েছে।
এ ছাড়া আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের আওতাধীন আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেটের সম্পূর্ণ এলাকা, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশে সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিপিডিবি জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।