কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলীর অনুসারীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে নিহত হন এরশাদ আলী (৪২), কুলছুম বেগম (৫৫) ও কাওছার মিয়া। দুইজন ঘটনাস্থলেই নিহত হন, একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আহতদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।