দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ঢাকায় লাখো মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। এ পরিস্থিতিতে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। ২৫ ডিসেম্বর ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি শুরু করেছে।
নিরাপত্তা বলয়ের আওতায় থাকছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পুরো পথ। বিমানবন্দর, ৩০০ ফিট সড়ক, এভারকেয়ার হাসপাতাল ও শেরেবাংলা নগর এলাকাতেও বাড়ানো হবে নিরাপত্তা নজরদারি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা ইউনিট চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স—সিএসএফ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নেবে।
পুনর্গঠন করা হয়েছে সিএসএফ, বাড়ানো হয়েছে সদস্য সংখ্যাও।
“ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয়ভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও পূর্ণ সমন্বয় রয়েছে।” পুলিশ জানায়, নিয়মিত নিরাপত্তার পাশাপাশি পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে পুরো এলাকায়। প্রয়োজনে বাড়ানো হবে নিরাপত্তা সদস্যের সংখ্যা।
“২৫ ডিসেম্বর ঘিরে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে।” এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওইদিন সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসবেন। এতে রাজধানীতে যানজটের আশঙ্কায় রয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ২৫ ডিসেম্বর রাজধানীর একাধিক সড়কে ডাইভারশন ও নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। এ বিষয়ে শিগগিরই নগরবাসীকে জানানো হবে।