পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড় এসেছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।
সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নুরের ‘ট্রাক’ প্রতীক নিয়ে সম্ভাব্য প্রার্থিতা এবং আসন সমঝোতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা নতুন মাত্রা পায় তার মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, “নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পক্ষেই থাকব।” স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসান মামুন বলেন, “আসন সমঝোতা হলেও যদি শেষ পর্যন্ত দল থেকে সবুজ সংকেত না পাই, তবে স্বতন্ত্র হিসেবেই লড়াই চালিয়ে যাব।” গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, “হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব বিধিবিধান বুঝিয়ে দেওয়া হয়েছে।”