জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা জানালেন, নির্বাচনী ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় প্রায় ৪৭ লাখ টাকা মাত্র ২৯ ঘণ্টায় অনুদানের মাধ্যমে সংগ্রহ হয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা প্রায় ৪৭ লাখ টাকা আপনারা মাত্র ২৯ ঘণ্টায় পূরণ করে ফেলেছেন। আপনাদের এই অভূতপূর্ব সাড়া পুরোনো রাজনৈতিক ধারার মূলে কাঁপন ধরিয়ে দিয়েছে। আমরা আর কোনো অনুদান গ্রহণ করছি না।”
তাসনিম জারা বলেন, “অধিকাংশ প্রার্থী এই নির্বাচনে ১০ থেকে ৫০ কোটি টাকা খরচ করবেন। অনেকে বলেন, টাকা দিয়ে ভোট কেনা যায়। কিন্তু তারা ভুলে যান—আমাদের সঙ্গে আছেন আপনারা, যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পকেটের পয়সাও খরচ করতে রাজি।”
তিনি আরও যোগ করেন,“ঢাকা-৯ আসনে প্রায় ৫ লাখ ভোটার। দিনে ১২ ঘণ্টা হেঁটে সর্বোচ্চ ১০০–১১০ পরিবারের কাছে পৌঁছাতে পারি। পুরো প্রচারে হয়তো ৪ হাজার পরিবারের কাছে যেতে পারব। কয়েক লাখ পরিবারের কাছে পৌঁছাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য।”
জারা জানান,“আমরা টাকার রাজনীতি প্রত্যাখ্যান করতে এসেছি, তাই পেইড কর্মী নিয়োগ দেব না। আপনারা যারা এই এলাকায় আছেন বা পরিচিত কেউ থাকেন—শুধু একটি ফোন কলও পোস্টারের চেয়ে বেশি কার্যকর হতে পারে।”
তিনি বলেন,“নিয়ম মেনে আমি পোস্টার লাগাইনি। কিন্তু অন্য প্রার্থীরা লাগিয়েছেন। এই অসমতা কাটাতেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।”এর আগে সোমবার রাতে একটি ভিডিওবার্তায় তিনি জানান, তার আসনে ৪ লাখ ৭০ হাজার ভোটার এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন। তিনি এই পুরো অর্থটিই সাধারণ মানুষের অনুদান থেকে সংগ্রহের আহ্বান জানান।