ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী একটি বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—তেলবাহী লরির চালক বিশ্বাস রায় (৪৫), বাসচালক মো. শামসুল হক (৩৫), তারেক আলী (২৬), তৌয়বুর রহমান (৬০), আইজার রহমান (৪০), রিপন ইসলাম (৪২) ও শাহা আলম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঘন কুয়াশার মধ্যে হানিফ পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একই প্রতিষ্ঠানের একটি তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাস ও লরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বাসচালক মো. শামসুল হকের অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, সকালে কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি বাস ও লরি দুমড়ে–মুচড়ে গেছে।
আরেক স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কুয়াশার কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।