আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এবং দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। পোস্টে তিনি নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেন।
এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের আলোচিত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে—তাদের দেখানো পথেই হাঁটলেন হান্নান মাসউদ।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। তার ভাষায়, উন্নয়ন শুধু অবকাঠামো নয়; উন্নয়ন মানে ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও জনপ্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করা।
তিনি আরও লেখেন, তার রাজনীতি কোনো ব্যক্তি, ব্যবসায়ী বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না। কারণ বড় অঙ্কের অর্থ ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করে ফেলে। এ কারণেই তিনি হাতিয়ার সাধারণ মানুষের কাছ থেকেই ছোট ছোট অনুদানের মাধ্যমে সহযোগিতা চাইছেন।
হান্নান মাসউদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রাপ্ত প্রতিটি টাকার পূর্ণ হিসাব স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে প্রকাশ করা হবে এবং কাজের মাধ্যমেই তিনি জনগণের আস্থার জবাব দিতে চান।
ফেসবুক পোস্টের বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে হাতিয়ার উন্নয়ন ও পরিবর্তনের জন্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছেন। নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।