নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলে সফর করে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাঁদের কবর জিয়ারত ও কিছু পারিবারিক দায়িত্ব পালনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। তবে নির্বাচন কমিশন-এর অনুরোধে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, স্থগিত হওয়া চার দিনের সফরে ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফরের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।