ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি চলছে। আজ আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার, ১৭ জানুয়ারি, সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
আজকের দিনে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হবে। আগামীকাল রোববার, ১৮ জানুয়ারি, নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন।
এর আগে শুক্রবার, ১৬ জানুয়ারি, কমিশনে নিষ্পত্তিকৃত ৪৩টি আপিল আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আরও ৪টি আপিল আবেদনও খারিজ করা হয়েছে। এছাড়া শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেবেন।
এর পরদিন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।