লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় মুন্না ইসলাম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাটগ্রাম রেলস্টেশন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের জ্যেষ্ঠ সন্তান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে মুন্না ইসলাম স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে রেলস্টেশনের পাশে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশ করে। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে তিনি অসাবধানতাবশত পিছলে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় ওই তরুণ দ্রুত উঠতে গিয়ে পড়ে যান এবং গুরুতর আহত হন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ট্রেনে উঠতে গিয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তীতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।