আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার দু’দিনের সরকারি ছুটি ঘোষণা করায় এ দুই দিন ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এ সময় ব্যাংক কর্মকর্তা–কর্মচারীরাও ছুটিতে থাকবেন। ফলে শাখা ও উপশাখাসহ ব্যাংকের সব ধরনের সেবা কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারিকে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক–কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও দেওয়া হয়েছে।
সরকারি ছুটি ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ওই দু’দিন আর্থিক লেনদেন, চেক ক্লিয়ারিং, ক্যাশ লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এটিএম পরিষেবাগুলো আগের মতোই চালু থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।