আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি নির্দেশনায় ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলের শ্রমিক–কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্প কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিনদিন ছুটি থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সময় সারা দেশে নিরাপত্তা জোরদার থাকবে এবং দোকান–বাজার বন্ধের কারণে ভোটকেন্দ্র এলাকায় মানুষের চলাচল নির্বিঘ্ন করা হবে বলে জানানো হয়েছে।