লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। এর মাধ্যমে লালমনিরহাট-১ ও ২ আসনে ৪৭ বছর পর এবং লালমনিরহাট-৩ আসনে ২৫ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করল দলটি। তিনটি আসনেই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধির রিপোর্টে।
লালমনিরহাটের রাজনীতিতে নতুন ইতিহাস। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জেলার তিনটি সংসদীয় আসনেই উড়েছে ধানের শীষের নিশান।
সবচেয়ে বড় চমক লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে। ৪৭ বছর পর এখানে জিতেছে বিএনপি। ধানের শীষ প্রতীকে হাসান রাজিব প্রধান ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে হারিয়েছেন জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজুকে। ১৯৭৯ সালে সর্বশেষ এই আসনে জিতেছিল বিএনপি।
একই চিত্র লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনেও। এখানেও ৪৭ বছরের খরা কাটিয়ে জয় পেয়েছেন বিএনপির রোকন উদ্দিন বাবুল। ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে তিনি হারিয়েছেন জামায়াতের ফিরোজ হায়দারকে।
আর লালমনিরহাট-৩ সদর আসনে ২৫ বছর পর বিজয়ের স্বাদ পেলেন হেভিওয়েট প্রার্থী আসাদুল হাবিব দুলু। ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে হারিয়েছেন জামায়াতের আবু তাহেরকে। ২০০১ সালে সর্বশেষ এই আসনে এমপি হয়েছিলেন দুলু।
লালমনিরহাটের ৩টি আসনেই বিএনপির এই ক্লিন সুইপ উত্তরের রাজনীতিতে দলটির শক্ত অবস্থানের জানান দিচ্ছে।