আরএনবি ডেস্কঃ
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এতে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে সরাসরি প্রভাব পড়েনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত কয়েক সপ্তাহের চেয়েও দীর্ঘায়িত হতে পারে।
এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলতে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৬ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত দেশের বাজারে এর সরাসরি প্রভাব পড়েনি। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি না হলে জ্বালানি সরবরাহে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।রাজধানীর কয়েকটি জ্বালানি তেলের পাম্প ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের চাপ কিছুটা বেড়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে তেলের দাম বাড়ানো বা সরবরাহ সংকটের কোনো সম্ভাবনা নেই।
তবে ভুল তথ্যের কারণে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই। এই মুহূর্তে দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতের আগেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও উত্তেজনার কারণে চলতি বছরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছিল।বিশ্ব জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরানের মোট তেল উৎপাদন বৈশ্বিক চাহিদার ৫ শতাংশের কম হলেও বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয় এই প্রণালি দিয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পথ বন্ধ বা সীমিত হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি ওই পথে জাহাজ চলাচল বন্ধ বা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।