আরএনবি অনলাইন ডেস্কঃ
২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় রংপুর জেলার বিভিন্ন উপজেলায় গৃহীত উন্নয়নমূলক প্রকল্পসমূহের অনুকূলে প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে রংপুর জেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। এসময় জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে সেই ধারাবাহিকতায় এডিপি’র আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে জেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পসমূহ যথাযথভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মামুন-অর-রশীদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে জেলা পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকল প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক হস্তান্তর করা হয়।