আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ৮ ঘণ্টার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সাধারণ মানুষের ওপর যেন নতুন বাজেটের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের নেতৃত্বে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী আগামী বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প উদ্যোক্তাদের সুবিধা সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব নীতি গ্রহণে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, এমন কোনো করনীতি গ্রহণ করা যাবে না যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে।
বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বাজেটের মূল লক্ষ্য থাকবে শিল্প উদ্যোক্তাদের বেনিফিট দেওয়া এবং কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি বাজেটের কারণে জনজীবনে যাতে চাপ সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী রপ্তানি খাত সম্প্রসারণে দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ এবং খাতভিত্তিক বন্ড সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া বিনিয়োগ বাড়াতে একটি বিশেষ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ধনীদের ওপর সম্পদ কর বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হলেও সাধারণ মানুষের ওপর বাড়তি করের চাপ না বাড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। এছাড়া বেভারেজ পণ্যে নতুন করে কর না বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের জন্য এটি হবে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট।