বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৭ সালের আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-কে সামনে রেখে আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসি প্রথমবারের মতো আয়োজিতব্য নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি পরিবর্তন করেছে। আগে টুর্নামেন্টটি ২০২৭ সালের জুন-জুলাইয়ে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিজেদের নারী দলের আন্তর্জাতিক ও ঘরোয়া সূচি পুনর্বিন্যাস করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনি-তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নতুন সূচি অনুযায়ী, আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বহাল রাখা হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে ওই সময়ে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল-কে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। নতুন পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর মাসে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। পরে ২০২৭ সালের মার্চে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও মুখোমুখি হবে।
টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে সংক্ষিপ্ত সংস্করণে খেলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারালেও, শক্তিশালী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল-এর বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ফল করে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে বাংলাদেশ নারী ক্রিকেট দল-এর সামনে।