দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের আট বিভাগেই কমবেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এ সময় এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।
শনিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার। এদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, টানা বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ঝুঁকি বাড়তে পারে।