মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস
সবশেষ আপডেট :
রবিবার, ২৮ জুন, ২০২৬
৬৫
জন সংবাদটি দেখেছেন
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) নিহতের পরিবারের খোঁজ নিতে কুলাউড়ায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী ও সমন্বয়ক সারজিস আলম। অভিযোগ অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করা চাঁদার অর্থ থেকে নিহতের পরিবারের হাতে ৭০০ টাকা তুলে দেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিহত মুজিবুর রহমানের স্বজনদের আবেগাপ্লুত হতে দেখা যায়।
ভিডিওতে নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার তিনটি শিশু নিয়ে এখন আমি অসহায়। আরেকটি সন্তান আমার গর্ভে রয়েছে। ঢাকা থেকে এনসিপির নেতারা আমাদের বাড়িতে এসেছিলেন। এলাকার মানুষ বলছে আমরা নাকি তিন থেকে চার লাখ টাকা পেয়েছি। কিন্তু তারা মাত্র ৭০০ টাকা আমার শাশুড়ির হাতে তুলে দিয়েছেন। একজন মানুষ মারা গেল, তার বদলে ৭০০ টাকা! এই টাকা দিয়ে আমরা কী করব?”
তিনি আরও বলেন, নেতাদের বহর দেখে অনেকেই ধারণা করেছিলেন পরিবারটি বড় অঙ্কের সহায়তা পেয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরে এলাকার দুই প্রবাসী নিহত মুজিবুর রহমানের স্ত্রীর কাছে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান।
ঘটনার পর কুলাউড়ার বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নামে লোক দেখানো সহায়তা দিলে মানবিক উদ্যোগের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়।
তবে এ অভিযোগের বিষয়ে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটওয়ারী বা সার্জিস আলমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।