বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে দাপুটে জয় তুলে নেয় রেড ডেভিলস। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। নবম মিনিটে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিকোলাস রাসকিনের পাস থেকে সহজেই জাল খুঁজে নেন চার্লস ডি কেটেলারে। তার গোলে শুরুতেই এগিয়ে যায় ইউরোপের দলটি।
৩১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে সমতায় ফেরে স্বাগতিকরা। মালিক টিলম্যানের নেওয়া শট হান্স ভানাকেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে গেলে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কিছুই করার ছিল না।
তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর লিয়ান্দ্রো ট্রোসারের নিখুঁত ক্রসে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুলে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। ৫৭তম মিনিটে তার ভুল পাস থেকে বল পেয়ে হান্স ভানাকেন ফাঁকা জালে বল জড়িয়ে ব্যবধান ৩-১ করেন।
শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ নিয়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।