আগামী নভেম্বরের মধ্যে দেশের ৫ হাজার ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলটির আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। সেই নির্বাচন সামনে রেখে নভেম্বরের মধ্যেই দেশের ৫ হাজার ইউনিয়নে এনসিপির পক্ষ থেকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের ৫ হাজার ইউনিয়নে এবং ২০২৭ সালের জুনের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’
এনসিপির ব্যানারে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের সংগঠিত হয়ে দলের কমিটিতে যুক্ত হওয়া এবং দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারজিস আলম বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের চরিত্র দেখা যাচ্ছে, ভবিষ্যতে এর চেয়েও বেশি ‘ফ্যাসিবাদী আচরণ’ প্রকাশ পাওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে নির্বাচনের পর এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য হবে দলটির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা ও সড়কের বেহাল অবস্থারও সমালোচনা করেন সারজিস আলম।
তিনি বলেন, বর্ষা শেষ হয়ে শরৎ ও শীত এলে মেয়র, সংসদ সদস্য ও প্রশাসনের জলাবদ্ধতার কথা মনে থাকে না। আবার বর্ষা এলে হাঁটু কিংবা কোমর পানিতে নেমে ছবি-ভিডিও করে লোক দেখানো কার্যক্রম চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা ও বেহাল সড়ক নিয়ে লোক দেখানো উদ্যোগের পরিবর্তে বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।
সারজিস বলেন, নগরের রাস্তাঘাট ও আবাসিক এলাকার বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অসুস্থ মানুষের হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকাই নিরাপদ বলে মনে হয়।
চট্টগ্রামকে দ্রুত একটি উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।