অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারানোর পর এবার কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চীনে অনুষ্ঠিত ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। দলের হয়ে রিমন দুটি এবং লিজা ও লিমা একটি করে গোল করেন।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আক্রমণাত্মক হকিতে প্রথম কোয়ার্টারেই দুই গোলের লিড নেয় লাল-সবুজের দল।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। মধ্যবিরতির পর তৃতীয় কোয়ার্টারেও গোলশূন্য থাকে ম্যাচ। তবে শেষ কোয়ার্টারে আবারও আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। আরও দুই গোল আদায় করে নিয়ে ৪-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে প্রতিযোগিতায় টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল তারা। এরপর পাকিস্তানের বিপক্ষেও জয় তুলে নেয় বাংলাদেশ। এবার কাজাখস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ হলো।
বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার গ্রুপে খেলছে। এই গ্রুপে মূলত হকির উন্নয়নশীল দেশগুলো অংশ নিচ্ছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং।
চ্যালেঞ্জার গ্রুপে অবস্থানের ভিত্তিতে পরবর্তী সময়ে এলিট গ্রুপের দলের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ ঠিক হবে।
এদিকে বাংলাদেশ পুরুষ হকি দলও মঙ্গলবার বিকেলে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।