রাজধানীর শাহ আলী এলাকায় সড়কের পাশে পড়ে ছিল একটি কালো পলিথিনের ব্যাগ। হঠাৎ সেই ব্যাগের ভেতর থেকে ভেসে আসে শিশুর কান্নার শব্দ। বিষয়টি পথচারীর নজরে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর থেকে জীবিত অবস্থায় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশুকে উদ্ধার করে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন।
শাহ আলী থানা-পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের মধ্যে একটি নবজাতক পড়ে আছে।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শাহ আলী থানাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারের পর শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় নবজাতকটির শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বৃহস্পতিবার বিকেলে জানান, নবজাতকটি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন।
তিনি বলেন, পুলিশের দুই সদস্য সার্বক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।