ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ অনুসরণে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ নির্মাণের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) রাজধানীতে জাতীয় ইমাম-খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে তারেক রহমান বলেন, ‘রাষ্ট্র ও সরকার পরিচালনায় ন্যায়পরায়ণতাই হবে বিএনপির মূলমন্ত্র’। তিনি দাবি করেন, ন্যায়পরায়ণতার আদর্শের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমাম–খতিব–মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চায় বিএনপি।
সম্মেলনে উপস্থাপিত ৭ দফা দাবির বিষয়ে তারেক রহমান বলেন, ইমাম–মুয়াজ্জিনদের জন্য আলাদা সার্ভিস রুল প্রণয়নসহ বেশ কিছু দাবি যুক্তিসঙ্গত। ক্ষমতা পেলে এসব দাবিকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে মসজিদ কমিটির সিদ্ধান্তের ওপর ইমাম-মুয়াজ্জিনের চাকরি নির্ভর করে—যা অন্যায্য। বিএনপি ক্ষমতায় গেলে এই অনিয়ম দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমান বলেন, মুসলমানরা যেন নিরাপদে কোরআন–সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে—এমন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা বিএনপির লক্ষ্য। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টিও নিশ্চিত করা হবে। তিনি আরও দাবি করেন, বিএনপি কখনোই ইসলামের মূলনীতি বা বিশ্বাসের সঙ্গে আপস করেনি। বর্তমান সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বাক্যটি পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি ২০২৪ সালের রমজানে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা এবং ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানের সমালোচনা করে বলেন, এসব ঘটনাকে বিএনপি ইসলামবিরোধী অপতৎপরতা হিসেবে গণ্য করে।
তারেক রহমান জানান, দেশে সাড়ে তিন লাখের বেশি মসজিদ ও প্রায় ৫০ হাজার মাদ্রাসায় লাখ লাখ ইমাম–মুয়াজ্জিন ও শিক্ষার্থী রয়েছেন। তাদের রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করা, সম্মানী বৃদ্ধি এবং বহুমুখী প্রকল্প গ্রহণ করা হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহির বাকী নদভী। এছাড়া হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা, ইসলামি দল ও সংগঠনের শীর্ষ ইমাম–খতিব ও উলামারা বক্তব্য দেন।