বেরোবি প্রতিনিধি: ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মসজিদে উপস্থিত নামাজি, পার্কের মোড়ে অস্থায়ী দোকানদার ও রিকশাচালকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বেরোবি ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, “আজ আমরা বিশেষ এক উপলক্ষে শহীদ আবু সাঈদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও স্মৃতি আমাদের হৃদয়ে চিরজাগরুক। সত্য ও ন্যায়ের পথে তিনি জীবন উৎসর্গ করেছেন—যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা তার রুহের মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।”
কর্মসূচি সম্পর্কে প্রচার সম্পাদক মাসুদ রানা বলেন, “ শহীদ আবু সাঈদ ভাইয়ের জন্মবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছি। তিনি বেরোবি ও বাংলাদেশের গর্ব। তার আত্মত্যাগের গল্প আমরা ভালো কাজের মধ্য দিয়ে যুগ যুগ ধরে ধরে রাখব, ইনশাআল্লাহ।”