ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী বলেন, নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা খবর পেয়েছি বিজয়নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত এখনও নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। টিম নিশ্চিত করলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এর আগে ১৩ নভেম্বর ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও বার্তার মাধ্যমে হুমকি পাচ্ছেন। ওই পোস্টে তিনি বলেন, কয়েক ঘণ্টার মধ্যে একাধিকবার অচেনা নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়।
ওই স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদী তখন লিখেছিলেন, ন্যায়বিচারের আন্দোলন থেকে তিনি পিছিয়ে যাবেন না এবং তিনি নিজেকে ও সহযোদ্ধাদের নিরাপত্তা ঈশ্বরের ওপর সোপর্দ করেছেন।
তার অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সম্পর্কে চিকিৎসকরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।